ভোটার তালিকা হালনাগাদে নতুন-পুরোনো কোনো রোহিঙ্গা যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তথ্য যাচাই-বাছাইয়ে কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না। কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। তারপরও কোনো কারণে রোহিঙ্গারা হালনাগাদে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেলে, তাদের ডকুমেন্টস সৃজনসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতাকারী হিসেবে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। এতে বিন্দুমাত্র ছাড় নেই। শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কক্সবাজার জেলার ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এ কথা বলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান। মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ভোটার তালিকা যাচাই বিষয়ক বিশেষ কমিটির সভাপতি, জেলার বিভিন্ন উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভোটার তালিকা হালনাগাদকরণে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রধান অতিথি।
