চবিতে শেখ হাসিনা হল চালুর দাবিতে ছাত্রীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জননেত্রী শেখ হাসিনা হল চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হলের সংযুক্তিপ্রাপ্ত ছাত্রীরা। গতকাল রবিবার সকাল থেকে ছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে সরে যান আন্দোলনরত ছাত্রীরা।

জানা যায়, সকাল ১০টা থেকে শেখ হাসিনা হলের মূল ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রীরা। এসময় ‘অন্যের হলে সিট খুঁজি, আমরা কি সব রিফিউজি’, ‘দিয়ে দাও ফলাফল, খুলে দাও শেখ হাসিনা হল’ এসব লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় তারা।

হলের ছাত্রীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক শিক্ষার্থী হিসেবে টাকা দিয়ে এলেও আমরা বছরের পর বছর হলে সিট বরাদ্দ পাচ্ছি না। আমরা নিরুপায় হয়ে জননেত্রী শেখ হাসিনা হলের সিট বরাদ্দের দাবিতে হলের সামনে অবস্থান নিয়েছিলাম। আন্দোলনরত ছাত্রীরা আরো বলেন, ২০১৫ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জননেত্রী শেখ হাসিনা হল’ উদ্বোধন করেন। উদ্বোধনের চার বছর পরেও এখনো হলে আসন বরাদ্দ দেওয়া হয়নি।

শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আগামী ২৪ তারিখের মধ্যে হলে উঠার জন্য নেওয়া শিক্ষার্থীদের সাক্ষাত্কারের রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। যদি না হয় নভেম্বর ৩ তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। তারপরে ব্যাংকে টাকা জমা দিয়ে ৫ তারিখের মধ্যে হলে উঠতে পারবে।