নানা কর্মসূচির মধ্যদিয়ে রবিবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ময়মনসিংহ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট : জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
ভোলা (দক্ষিণ) : জেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি এনজিও কোস্ট ট্রাস্ট, ব্র্যাক এবং জাগো নারীর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন স্কুল ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
জয়পুরহাট : জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।
শরীয়তপুর : শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন ডিজিটাল পদ্ধতিতে দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পের অধীনে শরীয়তপুর জেলায় মোট ১৪৬টি বাসগৃহ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রাহ্মণবাড়িয়া : শহরের ফারুকী পার্ক থেকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয়। পরে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা মাল্টিপারপাস বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহরা প্রদর্শন করা হয়। সভায় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসাইন, মাদ্রাসা সুপার এ কে এম নজরুল ইসলাম প্রমুখ।
বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জ রতনা আমিন মহিলা কলেজ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাকেরগঞ্জের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাছরিন জাহান রতনা এমপি। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মানিক হোসেন হাওলাদার প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) : কাউখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া ফরিদপুরের চরভদ্রাসন, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, বরিশালের আগৈলঝাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, দিনাজপুরের কাহারোল ও ফুলবাড়ী, কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর, গাইবান্ধার সাঘাটা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, নীলফামারীর ডোমার, মাগুরার শ্রীপুর, খুলনার পাইকগাছা, বগুড়ার সোনাতলা, নওগাঁর নিয়ামতপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও নাগরপুর, মেহেরপুরের গাংনী, পাবনার বেড়া ও ভাঙ্গুড়া, কুমিল্লার মনোহরগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর ও পূর্বধলা, নোয়াখালীর হাতিয়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাসহ সারাদেশেই দিবসটি উপলক্ষ্যে আয়োজন করা হয় নানা কর্মসূচির।
