রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৬

রাঙ্গামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধবিহার ও শাখা বনবিহারগুলোতে রবিবার সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়েছে।  বৌদ্ধধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা হিসেবে উদ্যাপন করে থাকেন। অনুষ্ঠানে রাঙ্গামাটির রাজ বনবিহার প্রাঙ্গণে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা দেন রাজ বনবিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমত্ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নর-নারীর সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।বিকালে ওড়ানো হয় ফানুস বাতি ও প্রজ্বলন করা হয় হাজার প্রদীপ। অপরদিকে, মৈত্রী বিহার প্রাঙ্গণে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা এই প্রবারণা পূর্ণিমার মধ্যদিয়ে বুদ্ধের অহিংসা পরম নীতি মেনে চলে সত্-পথে চলতে ও মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন।