সর্দি বা চিকিত্সা বিজ্ঞানের ভাষায় রাইনাইটিস একটি ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি যা ঊর্ধ্ব শ্বাসনালি বিশেষ করে নাক, কণ্ঠনালিকে আক্রান্ত করে। প্রায় ২০০ এরও বেশি ভাইরাস রয়েছে যা সর্দির মতো সংক্রমণের জন্য দায়ী। এর মধ্যে রায়নো ভাইরাস দিয়ে প্রায় ৫০ শতাংশেরও বেশি ঠান্ডাজনিত রোগব্যাধি হয়ে থাকে। সর্দির এই ভাইরাস সাধারণত আক্রান্ত কারো স্পর্শে বা তার ব্যবহূত জিনিস যদি জীবাণুমুক্ত না থাকে তার মাধ্যমে আশেপাশের মানুষের মাঝে ছড়িয়ে যায়। ভাইরাস প্রবেশের ১ থেকে ২ দিনের মধ্যে গলা ব্যথা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া, জ্বর, মাথা ব্যথা, রুচি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। সাধারণত সর্দি আক্রান্ত হওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে নিজে থেকে সেরে যায়। তবে ক্ষেত্রবিশেষে তিন সপ্তাহের মতোও থাকতে পারে। তবে এ সময় কুসুম গরমপানি, চা, আদার রস পান করলে আরাম পাওয়া যায়। পাশাপাশি গোসল ও হাত মুখ ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করতে হবে। সর্দির সঙ্গে যদি পাকা কফ আসে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন হতে পারে। ঋতু পরিবর্তনের সময় সর্দি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এ সময় শিশু ও বয়স্কদের দিকে খেয়াল রাখতে হবে।
লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
