রাজধানীতে প্রতিকূলতার মধ্যে টিকে থাকা অন্যতম বৃহত্ ও জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘রাজমণি’ সিনেমা হলটিও ভেঙে ফেলা হচ্ছে। চলচ্চিত্র ব্যবসায় অব্যাহত মন্দায় টিকে থাকতে না পেরে শেষ পর্যন্ত ৩৬ বছরের পুরোনো এই হলটি বন্ধ করে দিল কর্তৃপক্ষ। গতকাল রবিবার রাজমণি সিনেমা হল থেকে প্রজেক্টর মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভাঙা শুরু হবে হলটি। এ তথ্য নিশ্চিত করেছেন হলের কর্ণধার আহসানউল্লাহ মনির ভাইয়ের ছেলে মোহাম্মাদ শহীদুল্লাহ। এ হলটি নির্মাণ করা হয় ১৯৮৩ সালে। মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, দেশের সিনেমা ব্যবসার অবস্থা খুবই খারাপ। বিগত কয়েক বছর পুরোপুরি লোকসান দিয়ে হলটি চালানো হয়েছে। লাভের মুখ দেখার সম্ভাবনাও নেই। এভাবে কত আর লোকসান দেওয়া যায়? তাই রাজমণি সিনেমা হলটি ভেঙে ফেলা হচ্ছে। তিনি জানান, হলটি ভেঙে এখানে একটি করপোরেট ভবন নির্মাণ করা হবে। কোনো সিনেপ্লেক্স হবে না।
প্রসঙ্গত, সিনেমা ব্যবসায় ধস নামার কারণে ঢাকার অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। হাতেগোনা কয়েকটি হল টিকে থাকলেও তা আগামীতে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলটিও ভেঙে ফেলার চিন্তা করছেন মালিকরা।
