আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রকাশের কাজ চলছে। গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গঠিত আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রকর্ম, প্রামাণ্য চিত্র, শর্টফিল্ম প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের সংগ্রামী কর্মজীবন ও আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব) ফারুক খান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হক, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এম জমির, চিত্রশিল্পী হাসেম খানসহ কমিটির সদস্যবৃন্দ।
এদিকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপনে উদ্বোধনী অনুষ্ঠানের সূচি নির্ধারণ করেছে এ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। সংস্কৃতি উপ-কমিটির সদস্যসচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রস্তাবিত অনুষ্ঠানমালার ধারাক্রম তুলে ধরেন। এতে থিম সং, শিশু সংগীত, চিত্রপটে ও দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু শীর্ষক থিয়োট্রিক্যাল জীবনালেখ্য উপস্থাপনের কথা তুলে ধরা হয়। বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম, তার দর্শন, কারাভোগ, স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম, জাতি ও দেশ গঠন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্বীকৃতি, বিশ্বের শোষিত, নিপীড়িত কণ্ঠস্বর ও মানব মুক্তির এই মহামানবের জীবনী উপজীব্য করে সংগীত, নৃত্য, নাটক, কবিতা প্রভৃতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাউল, শিশুশিল্পীদের অংশগ্রহণে আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। ‘জন্মশতবার্ষিকী উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠানের ধারাক্রম নির্ধারণের জন্য বিশেষ সভা’ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, সংস্কৃতি উপ-কমিটির সভাপতি ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
