মোহাম্মদপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের সময় আটক ৪

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:৫১

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। তারা হলেন বাদল, রেজাউল, ইমরান সুমন ও আলী আকবর। 

র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, পুলিশের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও অপহরণের সঙ্গে জড়িত ছিল ইমরান সুমন ও আলী আকবর। শনিবার রাতে বছিলা থেকে রুবেল নামে একজনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে গোপন আস্তানায় নিয়ে যাচ্ছিল তারা। খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে রুবেলকে উদ্ধার করে। এ চক্রের দুই সদস্য একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করত। অন্যদিকে আদাবর থানার এসআই আবু হেলাল জানান, শনিবার রাতে এক যুবককে আটকে নির্জন জায়গায় নিয়ে ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার সময় চিত্কার শুনে এলাকাবাসী জড়ো হয় এবং দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।