বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্দোলনের মুখে আইআর বিভাগের সভাপতি পদ ছাড়লেন সেই শিক্ষক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৪১

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের সভাপতি খন্দকার মাহমুদ পারভেজ পদত্যাগ করেছেন। গতকাল রবিবার বিকাল ৪টায় বিভাগের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। 

খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ। মাহমুদ পারভেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের আপন ভাতিজা।

এর আগে সকাল থেকে বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া, শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ এবং অনৈতিকভাবে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান সোহান বলেন, তিনি শিক্ষক পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা তিন দিনের আলটিমেটাম দিয়েছি, এর মধ্যে তিনি বিভাগ থেকে পদত্যাগ না করলে আমরা আবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামব।

প্রসঙ্গত, ২০১৬ সালে সর্বপ্রথম সেকশন অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন মাহমুদ পারভেজ। পরবর্তীতে অনার্স মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এরপর মাত্র দেড় বছরেই সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।