খালেদা জিয়াকে ‘প্রধানমন্ত্রী’ বলে ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন মাদ্রাসার অধ্যক্ষ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৪৯

শুভেচ্ছা বক্তব্যে পরপর দুই বার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘প্রধানমন্ত্রী’ বলায় তোপের মুখে পড়েছেন সাতক্ষীরার শ্যামনগর গুমনতলি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। উপস্থিত সুধী, পুলিশ ও রাজনৈতিক নেতাদের ধাওয়ার মুখে শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান।

গতকাল রবিবার এ ঘটনা ঘটে শ্যামনগরের গুমনতলি ফাজিল মাদ্রাসায়। সরকার এই মাদ্রাসায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি দুর্যোগ প্রশমন ভবন তৈরি করে দিয়েছে। গতকাল দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন।

দিবসটি উপলক্ষ্যে শ্যামনগর গুমনতলির এই মাদ্রাসার নতুন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি এ কে ফজলুল হক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ওসি আনিসুর রহমান মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মুহিদ। তিনি বক্তব্য দিতে উঠেই একাধিকবার ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’ বলেন। এতে উপস্থিত লোকজন মারমুখী হয়ে পড়েন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়াকে নিরাপদ মনে করেন। স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।