ইয়াবা উদ্ধারের ঘটনায় বরখাস্ত দুই পুলিশ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল রবিবার চট্টগ্রাম আদালতের প্রসিউকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের এসআই রাছিব খান। অভিযোগপত্রে চট্টগ্রাম নগর পুলিশের সাবেক টিএসআই সিদ্দিকুর রহমান ও রেলওয়ে পুলিশের সাবেক টিএসআই বাবলু খন্দকারকে আসামি করা হয়েছে। বর্তমানে দুই জনই কারাগারে রয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান, অভিযোগপত্রটি যাচাই-বাছাই শেষে আদালতে উপস্থাপন করা হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, টিএসআই বাবলু খন্দকার ও সিদ্দিকুর একসঙ্গে চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) চাকরির সুবাদে তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। যেদিন টিএসআই সিদ্দিকুর গ্রেফতার হয়েছিলেন, সেখানে বাবলু খন্দকারও উপস্থিত ছিলেন। তবে মামলায় অন্য আরেকজনের কথা বলা হলেও তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
