বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। গতকাল রবিবার মামলাটির তদন্ত কর্মকর্তার করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন আদালত। গত শনিবার ইমেইলে মিথ্যা তথ্য আদান-প্রদানের অভিযোগে মামলাটি করা হয়। শুনানিতে আদালতে হাজির করা হয় বিএনপির এই নেতাকে। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
মামলার এজাহারে যা রয়েছে :মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে গত ২ মে বেলা ১১টা ৫৭ মিনিটের দিকে কর্নেল (অব.) মুহাম্মদ ইসহাক মিয়ান (৬৩) নামের এক ব্যক্তি তার মিরপুরের বাসা থেকে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে একটি খুদে বার্তা পাঠান। ইসহাক মিয়ানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এ কাজে মেজর হাফিজ উদ্দিন, ব্যারিস্টার এম সরোয়ার হোসেনসহ অনেকেই জড়িত রয়েছেন। বিষয়টি রাষ্ট্রের সার্বোভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে জানায় পুলিশ।
ডিএমপির উপকমিশনার মুস্তাক আহমেদ জানান, সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে শনিবার দুপুরে তাদের নামে মামলাটি হয়েছে। এরপর রাত সাড়ে ৮টার দিকে মেজর হাফিজ উদ্দিনকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
