গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১০

গাজীপুরে চালককে ছুরিকাঘাতে খুন করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকা থেকে নিহত জাফর হোসেনের (৩৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জাফর হোসেন গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া গ্রামের লেহাজ উদ্দিন মুন্সির ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এস আই মোসাব্বির হোসেন জানান, রবিবার ভোরে চাপুলিয়া টেকপাড়া এলাকায় রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মৃতদেহ শনাক্ত করেন। ছুরিকাঘাতে নিহতের পেট চিড়ে গেছে এবং ডান পা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় জাফর হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার ও অটোরিকশার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। রবিবার সকালে জয়দেবপুর জংশন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বৃদ্ধার পরনে ছিল নীল রঙের ওড়না, হলুদ-গোলাপি চেক কামিজ এবং গোলাপি রঙের পায়জামা। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ এএসআই মহিউদ্দিন জানান, ভুরুলিয়া পশ্চিমপাড়া এলাকায় সকালে ঢাকাগামী একটি ট্রেনের সাথে ঐ বৃদ্ধার ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।