টঙ্গীতে স্ত্রীকে পিটিয়ে খুন, স্বামী আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১১

গাজীপুরের টঙ্গীতে সাজেদা আক্তার (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. রুবেল মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠিয়েছে।

নিহত সাজেদা আক্তারের বাবা মোতালিব হোসেন জানান, ছয় বছর আগে রুবেলের সঙ্গে সাজেদার বিয়ে হয়। রুবেল মাদকাসক্ত ছিল তা বিয়ের আগে তারা জানতেন না। মাদকের কারণে একাধিকবার জেল-জরিমানাও হয়েছে তার। গত কয়েক দিন ধরে মাদকের টাকার জন্য সাজেদার ওপর অত্যাচার করে আসছিল রুবেল। মাদকের টাকা না দেওয়ায় শনিবার রাতে সে সাজেদাকে পিটিয়ে হত্যা করে। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা মোতালিব বাদী হয়ে জামাতা রুবেলকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরে রুবেলকে আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।