গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১২

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গাজীপুরের শ্রীপুর এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্বেরটেক এলাকার মৃত সাহেদ আলীর ছেলে বাদশা মিয়া (৩২)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ঐ আদালতে স্পেশাল পিপি অ্যাডভোকেট এ বি এম আফফান জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়ার রূপালী প্রজেক্ট এলাকায় ঐ দুই আসামি এবং অজ্ঞাত পরিচয় আরো দুজন মিলে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করে। পরে শিশুটি প্রজেক্টের কেয়ারটেকারের বাড়িতে এসে কাঁদতে থাকে। কান্নার শব্দ শুনে ওই প্রজেক্টের কেয়ারটেকার নাফিউল ইসলাম তার স্ত্রীকে নিয়ে দরজা খুলে বের হন এবং শিশুটির কাছে ঘটনা শুনতে চাইলে সে আড়ালে দাঁড়িয়ে থাকা ওই দুই ধর্ষককে দেখিয়ে দেয়। এ সময় অন্য দুইজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ধর্ষণকারী ফারুক ও বাদশা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পরে পুলিশ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত রবিবার ঐ রায় প্রদান করেন।