সিংগাইরে কিশোর গ্যাংয়ের পাঁচ জন গ্রেফতার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১২

কিশোর গ্যাংয়ের পাঁচ ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। রবিবার ভোরে গোপন সূত্রের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে ছিনতাই করে নেওয়া একটি অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে রুবেল (২১), ওয়াজনগর চকবাড়ির মো. হামিদের ছেলে মেহেদী হাসান (১৭), জামির্ত্তা ইউনিয়নের হাতনি এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মহসিন (১৬), জামির্ত্তার রজ্জব আলীর ছেলে মো. নাহিদ ও চর মাধবপুর এলাকার কালু মিয়ার ছেলে ইসমাইল (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই মামুন জানান, গ্রেফতারকৃতরা যাত্রীবেশে  গত ৩ অক্টোবর সন্ধ্যায় চারিগ্রাম বাজারে ড্রাইভার সহিদুল ইসলামের কাছ থেকে অটো ভাড়া করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে মাধবপুর ভাঙ্গা ব্রিজের কাছে নিয়ে যায়। এরপর ড্রাইভার সহিদুলকে রাত ৮টার দিকে চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে  অটো নিয়ে চম্পট দেয়। সহিদুল ওখান থেকে মুক্ত হয়ে ঐ রাতেই  থানায় একটি মামলা দায়ের  করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলামের নির্দেশে এক বিশেষ অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুর বালুর মঠ নতুনপাড়া থেকে প্রথমে মেহেদীকে আটক করা হয়। এর পর তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের গ্রেফতার করা হয়।