বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ বরাবর একটি খোলা চিঠি পেশ করেন।
চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘বর্তমানে বাংলাদেশের একটি চরম অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলমান। যেখানে মানুষের ন্যূনতম মত প্রকাশের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নেই। সরকার দলীয় সন্ত্রাস ও দুর্নীতি দেশে একটি বীভত্স অরাজক অবস্থার সৃষ্টি করেছে। সামগ্রিক এই অস্থিরতার করাল গ্রাসে দেশের বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত।
চিঠিতে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিভিন্ন সময়ে সংগঠিত শিক্ষক-শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের বিচার করা, দুর্নীতিগ্রস্ত-জালিয়াত-সন্ত্রাসী তোষণকারী ভিসি, প্রো-ভিসির অপসারণ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন নিশ্চিত করা, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিতে দ্রুত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা, আবাসিক হলে ছাত্রলীগের সিট বাণিজ্য, পলিটিক্যাল ব্লক ও ছাত্র নির্যাতন বন্ধ করা, প্রশাসনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সিটের ব্যবস্থা করা, গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের বাজেটে পর্যাপ্ত বরাদ্দসহ মেধার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিতে ১৯৭৩’র অধ্যাদেশ যুগোপযোগী করা।
