কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসায় ৬১৩ দিন ধরে বন্দি করে রেখেছেন বেগম জিয়াকে। অমানবিক সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। কারাগারে নেওয়ার সময় সম্পূর্ণ সুস্থ নেত্রী এখন হুইল চেয়ার ছেড়ে উঠতে পারেন না, কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না, নিজে হাতে খেতে পারেন না, মাথার চুলও বাঁধতে পারেন না। তার পোশাকও আরেকজনকে পরিয়ে দিতে হয়। হাত-পা শক্ত হয়ে গেছে। হাত-পায়ের আঙুল ফুলে গেছে। এ অবস্থায় পিজি হাসপাতালের আট বাই দশ ফুটের ছোট্ট কক্ষে চিকিত্সাধীন রয়েছেন খালেদা জিয়া। পঁচাত্তর বছর বয়সি নেত্রীর ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরিভিত্তিতে তার উন্নত চিকিত্সা দরকার। অন্যথায় যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
