প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, বন্দুক দিয়ে লাখো শহিদের কণ্ঠ স্তব্ধ করতে পারবেন না। সময় থাকতে ক্ষমতা ছেড়ে দ্রুত সরে যান। পুনরায় নির্বাচন দিন। গতকাল রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজনে বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে শোক জমায়েতে তিনি এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, দেশের জনগণকে মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না। যে ঐক্যের প্রক্রিয়া চলছে, তাতে জনগণের হাতে ক্ষমতা আসতে বাধ্য। তিনি বলেন, ‘সরকার যেভাবে সভা-সমাবেশে বাধা দিচ্ছে, তা রাষ্ট্রদ্রোহের শামিল। এই সরকার যুবসমাজকে পশু বানাচ্ছে। এই সব করে তারা পার পাবে না। ড. কামাল বলেন, যে দল নিয়ে সরকার চলছে এবং যে কর্মকাণ্ড, তাতে করে বঙ্গবন্ধুকে ছোটো করা হচ্ছে। জোর করে সংবিধান পরিপন্থি প্রক্রিয়ায় সরকার টিকে আছে। সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এ সময় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নার সঞ্চালনায় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় অন্যদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রধান আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জারফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
