জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে উদ্বোধনী অনুষ্ঠানের সূচি নির্ধারণ করেছে এ-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। সংস্কৃতি উপকমিটির সদস্যসচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রস্তাবিত অনুষ্ঠানমালার ধারাক্রম তুলে ধরেন। এতে থিম সং, শিশুসংগীত, চিত্রপটে ও দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু শীর্ষক থিয়োট্রিক্যাল জীবনালেখ্য উপস্থাপনের কথা তুলে ধরা হয়। বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, তার দর্শন, কারাভোগ, স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম, জাতি ও দেশ গঠন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্বীকৃতি, বিশ্বেও শোষিত, নিপীড়িত কণ্ঠস্বর এবং মানব মুক্তির এই মহামানবের জীবনী উপজীব্য করে সংগীত, নৃত্য, নাটক, কবিতা প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাউল, শিশুশিল্পীদের অংশগ্রহণে আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
‘জন্মশতবার্ষিকী উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠানের ধারাক্রম নির্ধারণের জন্য বিশেষ সভা’ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি উপকমিটির সভাপতি ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ রাসেল ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
