কর্মচারীর নামে কোম্পানি খুলে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে জালিয়াতির মাধ্যমে ১১৫ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশন অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে মামলা দায়েরের এ সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় এর আগে পাঁচটি মামলা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—মাহবুবুল হক চিশতীর ভাই মাজেদুল হক ওরফে শামীম চিশতী, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম এম শামীম, শাবাবা অ্যাপারেলসের মালিক মো. আবদুল ওয়াদুদ ওরফে কামরুল, এডিএম ডাইং অ্যান্ড ওয়াশিংয়ের মালিক রাশেদ আলী, তনুজ করপোরেশনের মালিক মো. মেফতাহ ফেরদৌস, মোহাম্মদ আলী ট্রান্সপোর্টের মালিক মো. গোলাম সারোয়ার ও ক্যানাম প্রোডাক্টসের মালিক ইসমাইল হাওলাদার।
