ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮৮ জন শিক্ষার্থী। অঙ্কের হিসাবে উত্তীর্ণ শিক্ষার্থীর হার ২৩.৭২ শতাংশ। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd  ওয়েবসাইটে জানা যাবে।

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৬০০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৬ অক্টোবর  বিকাল ৫টা থেকে ৩১ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কোটার ফরম ১৬ থেকে ২৩ অক্টোবর তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটে মোট আসন ২ হাজার ৩৭৮টি।