ক্যাসিনো মার্কা নয়, মনির আদর্শে গড়া যুবলীগ চাই :মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:৩৭

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধা তালিকায় থাকতে পারবেন না। যদি এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ চাই।’ গতকাল রবিবার বিকালে ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী (মুজিব দিবস) উপলক্ষ্যে সারাদেশে ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে পাকা ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে।’ ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুল হক খান এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোজায়েত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী এর আগে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।