বেতন বৈষম্য নিরসনের এক দফা দাবিতে আজ সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মোট ১৪টি সংগঠনের জোট ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করবে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১০ গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে আজ সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। আগামীকাল মঙ্গলবার পালন করা হবে তিন ঘণ্টার কর্মবিরতি। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ক্লাস, পরীক্ষা বন্ধ রাখবেন শিক্ষকরা। ১৬ অক্টোবর এসব বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন শিক্ষকরা। এরপরেও দাবি আদায় না হলে ২৩ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করে সেখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন শুরু করবেন তারা।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন পান। তাদেরকে দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাব করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর সহকারী শিক্ষকরা পান ১৪তম গ্রেডে বেতন। তারা ১২তম গ্রেডে উন্নীত হবেন বলে প্রস্তাবে ছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাবে রাজি হয়নি।
বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৯০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে ৩ লাখ ২৫ হাজার সহকারী শিক্ষক ও ৪২ হাজার প্রধান শিক্ষক রয়েছেন।
