বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসির সঙ্গে পুলিশের আইজির সৌজন্য সাক্ষাত্ নিয়ে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিতে প্রচারিত সংবাদের ব্যাপারে একটি প্রেসনোট দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল রবিবার রাতে এই প্রেসনোট গণমাধ্যমের কাছে পাঠানো হয়।
প্রেসনোটে বলা হয়েছে, ‘আইজিপির সঙ্গে বুয়েটের ভিসি মহোদয়ের সৌজন্য সাক্ষাত্-সংক্রান্ত বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিতে প্রচারিত সংবাদটি আমাদের দৃষ্টিতে এসেছে। বর্তমান পরিস্থিতিতে আইজিপির সঙ্গে সাক্ষাত্কারের বিষয়টি উল্লেখ করায় জনমনে একটি ভুল বা অসম্পূর্ণ বার্তা যেতে পারে; তাই যে কোনো অস্পষ্টতা বা ভুল ধারণা এড়াতে এ বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরা যৌক্তিক মনে করছি।’
প্রচারিত সংবাদে দেখা যায়, মিডিয়ার সঙ্গে সাক্ষাত্কারে ভিসি মহোদয় বলেছেন, আবরার হত্যার ১০-১৫ দিন আগে তিনি আইজিপি মহোদয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভিসি মহোদয় আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন গত ২৮ জুলাই ২০১৯ বেলা ৩টায়। এটি ছিল কেবলই একটি সৌজন্য সাক্ষাত্। ভিসি মহোদয়ের দীর্ঘ শিক্ষকতা ক্যারিয়ারের নানা অভিজ্ঞতার পাশাপাশি আলাপচারিতায় উঠে এসেছে বুয়েটের ভিসি হিসেবে তার নানা অভিজ্ঞতার কথাও। আলোচনাকালে আইজিপি ভিসি মহোদয়কে তার দায়িত্ব পালনে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। এই পর্যায়ে ভিসি মহোদয় বুয়েট-সংলগ্ন পলাশী বাজারে একটি স্থাপনা নির্মাণের কাজে কোনো একটি পক্ষের বাধার কথা উল্লেখ করলে আইজিপি তাকে সহায়তার আশ্বাস দিয়ে ডিসি লালবাগকে এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার নির্দেশ দেন।
এই সৌজন্য সাক্ষাতের কোনো পর্যায়েই বর্তমানে উদ্ভূত পরিস্থিতির কোনো বিষয়েই আলোচনা হয়নি। এটি ছিল শুধুই একটি অনাড়ম্বর সৌজন্য সাক্ষাত্।
