টাঙ্গুয়ার হাওরে চার পাখি শিকারিকে দণ্ড

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:২৪

সুনামগঞ্জ প্রতিনিধি

রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরে সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন প্রজাতির ১৮টি পরিযায়ী পাখিসহ আটক চার পাখি শিকারিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে টাঙ্গুয়ার হাওরের উলান বিল থেকে পাখিসহ চার ব্যবসায়ীকে টাঙ্গুয়ার হাওরের নিরাপত্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃতরা হলো— উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের বাছির মিয়ার ছেলে আজিম উদ্দিন, একই গ্রামের শুকুর আলীর ছেলে শফিক মিয়া, নুরুল হকের ছেলে ইয়াসিন মিয়া ও খাইরুল আমিনের ছেলে সেনারুল মিয়া।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বুধবার বলেন, উলান বিল জলমহালে বুধবার বিকালে ফাঁদ পেতে পাখি শিকারকালে চার পাখি শিকারিকে পরিযায়ী পাখিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আটক করে। টাঙ্গুয়ার হাওরের নিরাপত্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন সরকার তাত্ক্ষণিকভাবে হাওরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক পাখি শিকারিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। উদ্ধারকৃত পরিযায়ী পাখিগুলোকে উপজেলা সদরে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।