এরকম একটা ধারণা প্রচলিত রয়েছে যে, বাঙালিরা শুধু মাছ-মাংস খেতে ভালোবাসে। কিন্তু এটা সত্য নয়। নিরামিষের প্রতিও রয়েছে তাদের দারুণ টান। কারণ বাঙালির রান্না করা নিরামিষ স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এমন কিছু রেসিপি দিয়েছেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী ও বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়
আলু ভাজা
উপকরণ :বড় আকারের আলু, লবণ, হলুদ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি :প্রথমে আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন এবং ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখে কস ছাড়িয়ে নিন। এরপর ফুটন্ত পানিতে সামান্য লবণ মিশিয়ে এতে কেটে রাখা আলু দিয়ে হালকা সিদ্ধ হতে দিন। তারপর হলুদ দিয়ে তেলে ফ্রাই করুন।
বেগুন ভাজা
উপকরণ :বেগুন, লবণ, হলুদ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি :প্রথমে বেগুন ভালো করে ধুয়ে নিন এবং ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখে কস ছাড়িয়ে নিন। একটি প্যানে ফুটন্ত পানিতে সামান্য লবণ মিশিয়ে এতে কেটে রাখা বেগুন দিয়ে হালকা সিদ্ধ হতে দিন। তারপর হলুদ দিয়ে তেলে ফ্রাই করুন।
মিষ্টি কুমড়া ভাজা
উপকরণ :মিষ্টি কুমড়া, লবণ, হলুদ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি :প্রথমে মিষ্টি কুমড়া ভালো করে ধুয়ে নিন এবং ছোট ছোট করে কেটে নিন। একটি প্যানে ফুটন্ত পানিতে সামান্য লবণ মিশিয়ে এতে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে হালকা সিদ্ধ হতে দিন। তারপর হালকা হলুদ দিয়ে তেলে ফ্রাই করুন।
মুগের ডাল
উপকরণ :মুগ ডাল, কাঁচা মরিচ, শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোঁড়ন, তেল পরিমাণমতো।
প্রণালি :মুগের ডাল প্রথমে ভেজে নিন। তারপর লবণ, হলুদ, কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিন। শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোঁড়ন দিয়ে রান্না করে নিন।
কলার মোচা
উপকরণ :কলার মোচা, আলু, শুকনো মরিচ, তেজপাতা, জিরাবাটা, আদাবাটা, মরিচবাটা, পাঁচফোঁড়ন, তেল পরিমাণমতো।
প্রণালি :কলার মোচা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিন। এর মাঝে আলু ছোট ছোট করে কেটে ভাজতে হবে। কড়াইতে তেল, সামান্য ঘি, শুকনো মরিচ, পাঁচফোঁড়ন, জিরাবাটা, আদাবাটা, মরিচবাটা দিয়ে সিদ্ধ কলার মোচা, আলু, লবণ দিয়ে ভাজতে হবে।
কচু শাক
উপকরণ :কচু শাক, আলু, শুকনো মরিচ, তেজপাতা, জিরাবাটা, আদাবাটা, মরিচবাটা, পাঁচফোঁড়ন, তেল পরিমাণমতো।
প্রণালি :কচু শাক ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে হবে, পরে একটু ঝুড়িতে রেখে পানি ছাড়াতে হবে। এর মাঝে আলু ছোট ছোট করে কেটে ভাজতে হবে। কড়াইতে তেল, সামান্য ঘি, শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরাবাটা, আদাবাটা, মরিচবাটা, লবণ দিয়ে কচু শাক, আলু ভাজতে হবে। তারপর নারিকেল কুড়ানো তেলে ভেজে উপরে ছড়িয়ে দিতে হবে।
পায়েস
উপকরণ :এক কেজি দুধ, এক ছটাক চাল, পাটালি গুড়, চিনি।
প্রণালি :এক কেজি দুধের মধ্যে এক ছটাক চাল, চালের দ্বিগুণ পরিমাণ পাটালি গুড়, চিনি নিন। একটি পাত্রে করে চুলোয় বসিয়ে এবার দুধটিকে ঘন করে নিন। তারপর একসঙ্গে চাল, চিনি, গুড় দিয়ে দিন। ঘন হয়ে গেলে নামিয়ে এবার গরম গরম পায়েস পরিবেশন করুন।
পটলের দোলমা
উপকরণ :পটল, আলু, আদা, কাঁচা মরিচ, লবণ, হলুদ মরিচ জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া ১/২ চামচ, দুধ।
প্রণালি :প্রথমে পটলের খোসা ছাড়িয়ে একধার থেকে মুখটা কেটে ভেতর থেকে বীজ সব বের করে দিন ছুরির সাহায্যে। এরপর পরিষ্কার করে ধুয়ে পাত্রে তেল গরম করে পটলগুলো ভেজে নিন। আদা, কাঁচা মরিচ, নুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এলাচি, কিসমিস একটি পাত্রে তেল গরম করে মিশ্রণ করে নিন। তারপর এতে ভাজা পটলগুলো দিয়ে রান্না করুন। তারপর কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।
চাটনি
উপকরণ :আম, আমড়া, বড়ুই, আনারস, টমেটো।
প্রণালি :আম, আমড়া, বড়ুই, আনারস, টমেটো টকরো টুকরো করে কেটে রাখতে হবে। তেলে সরিষা, রাঁধুনি পাঁচফোড়নের সঙ্গে সব উপকরণ দিয়ে দিন। তারপর পরিমাণমতো চিনি ও লবণ দিয়ে তা ঢেকে রাখতে হবে। তারপর রান্না হলে নামিয়ে ফেলতে হবে।
