হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের তীব্র নিন্দা কংগ্রেসের

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২০:১৯

সোনিয়া গান্ধীকে ‘মৃত ইঁদুরের’ সঙ্গে তুলনা

আবারও বিতর্ক তৈরি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। হরিয়ানায় একটি নির্বাচনী জনসভায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি সোনিয়াকে ‘মৃত ইঁদুরের’ সঙ্গে তুলনা করেন। এরপরই খট্টরসহ বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হন কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, খট্টরের মন্তব্যে বিজেপির নারীবিরোধী মনোভাব ফুটে উঠেছে। ওই মন্তব্যের জন্য খট্টরকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছে কংগ্রেস।

রবিবার হরিয়ানার সোনিপতে একটি নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘লোকসভা ভোটে হারের পর রাহুল গান্ধী দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং বলেছিলেন, গান্ধী পরিবার থেকে কেউ কংগ্রেসের নয়া সভাপতি হবেন না। আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। পরিবারতান্ত্রিক রাজনীতির সমাপ্তি তো ভালো কথা। তারপর তারা গোটা দেশের নতুন সভাপতির খোঁজ শুরু করেন। তিন মাস পর, তারা সোনিয়াকে সভাপতি হিসাবে বেছে নেন। এটা যেন পাহাড় খোঁড়ার পর ইঁদুর বেরোল, তাও আবার মরা।’ খবর আনন্দবাজার পত্রিকার

হরিয়ানার মু্খ্যমন্ত্রী খট্টরের ওই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। খট্টরের এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর বলে তাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তারা। টুইটারে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘বিজেপির মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা সস্তা ও আপত্তিকর তো বটেই, এতে বিজেপির নারীবিরোধী চরিত্রই ফুটে উঠেছে। আমরা হরিয়ানার মুখ্যমন্ত্রীর নিন্দা করছি এবং অবিলম্বে তার ক্ষমাপ্রার্থনার দাবি জানাচ্ছি।’

শুধু রাজনৈতিক নেতাদের নয়, এর আগে নারীদের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন খট্টর। গত বছরের নভেম্বরে তিনি মন্তব্য করেছিলেন, পুরনো প্রেমিককে ফিরে পেতেই ধর্ষণের অভিযোগ করেন নারীরা।’ চলতি বছরের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর তিনি বলেছিলেন, ‘এখন কেউ কেউ বলছেন, কাশ্মীর খুলে গিয়েছে, সেখান থেকে বউ আনবেন।’