লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০১

লোহাগড়া (নড়াইল ) সংবাদদাতা

লোহাগড়া উপজেলার শুলটিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের  লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে নাসির, দেলোয়ার, আহাদ ও মুসার সমর্থকদের সঙ্গে একই গ্রামের সাহেব আলী পক্ষের বিরোধ চলছিল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সাহেব আলী পক্ষের লোকজন শুলটিয়া ব্রিজের পশ্চিম পাশে এলে তাদের ওপর প্রতিপক্ষ লাঠি, রামদা, দেশি অস্ত্র নিয়ে প্রথমে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ২০ জন আহত হন। সাহেব আলী জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরেই বিরোধ বাধানোর জন্য চেষ্টা করছিল। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. কামরুল ইসলাম জানান, কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল সদর ও খুলনা হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। এদিকে লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।