মাগুরা প্রতিনিধি
মাগুরার কুমার নদে নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্র অংকন বিশ্বাসের (১৩) লাশ সোমবার ভোরে উদ্ধার হয়েছে। এলাকাবাসী লাশটি উদ্ধার করে। মৃত অংকন মাগুরা সদর উপজেলার মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র এবং জাকারটেক গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাতে বৈঠাখালী তেঁতুলতলা নামক স্থানে লক্ষ্মীপূজার মেলায় একদল গ্রামবাসী কুমার নদে নৌকায় করে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী ওঠানোর চাপে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতার কেটে তীরে উঠলেও অংকন নিখোঁজ ছিল। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে ভোরে নদ থেকে তার লাশ উদ্ধার করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
