শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
শ্রীপুরে পৃথক দুটি স্থানে গড়াই নদীতে পড়ে নিখোঁজ আমলসার গ্রামের দড়িয়াপাড়ার কলেজছাত্র অনিরুদ্ধ বিশ্বাস (২৪) ও কমলাপুর গ্রামের সাহেদা বেগম (৬৫) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমলসার গ্রামের গ্রাম্য চিকিত্সক অচিন্ত বিশ্বাসের ছেলে, পাতুড়িয়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র অনিরুদ্ধ বিশ্বাস গত ৭ অক্টোবর দুপুরে বন্ধুদের নিয়ে গড়াই নদী পার হয়ে কালুখালী থানার পাতুড়িয়া গ্রামের আত্মীয়ের বাড়িতে পূজা দেখতে যাচ্ছিলেন। আমলসার-পাতুড়িয়া খেয়াঘাট পার হওয়ার সময় অনিরুদ্ধ নৌকা থেকে পা ফসকে নদীর মাঝখানে পড়ে গিয়ে নিখোঁজ হন।
শ্রীপুর থানা পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গড়াই নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েও অনিরুদ্ধকে উদ্ধার করতে সক্ষম হননি। একপর্যায়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
অপরদিকে একই উপজেলার কমলাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আ. রব মোল্লার স্ত্রী সাহেদা বেগম ৫ অক্টোবর সন্ধ্যায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও তার খোঁজ এখনো মেলেনি।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, দুই জনকে উদ্ধারে পুলিশ তত্পর রয়েছে। কোথাও কোনো অজ্ঞাত লাশের সন্ধান পেলে ভুক্তভোগী পরিবারকে জানানো হবে।
