রাঙ্গামাটি প্রতিনিধি
পঞ্চশীল প্রার্থনা ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটি আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোত্সব শুরু হয়েছে। সোমবার দুপুরে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে ২০তম দানোত্তম কঠিন চীবর দানোত্সব উপলক্ষ্যে আয়োজিত ধর্মসভায় পুণ্যার্থীদের উদ্দেশে প্রধান ধর্মদেশনা প্রদান করেন পশ্চিম গহিরা শান্তিধাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো।
ধর্মসভায় পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংঘরাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়ার পরিচালনায় ধর্মসভায় উপস্থিত ছিলেন সংঘরাম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ধর্মকীর্তি মহাথেরো, ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞাবংশ মহাথেরো, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিয় বড়ুয়া, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সহসভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা রণজিত্ কুমার বড়ুয়া প্রমুখ।
ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র মঙ্গলাচরণ পাঠ করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল ভিক্ষু। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে যে নির্বান অর্থাত্ মুক্তি সে মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমনটার প্রার্থনার মধ্যে দিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে। আর বিকালে অনুষ্ঠিত হয় প্রদ্বীপ প্রজ্বালন ও ফানুস বাতি উত্তোলন।
