সিলেট অফিস
ভারতীয় সহকারী হাইকমিশনার মি এল কৃষ্ণমূর্তি রবিবার বিকালে ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির’ পরিচালনা পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে চমত্কার বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন যাবত্ বাংলাদেশ থেকে ভারতে একই ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। তবে রপ্তানি বাণিজ্যের প্রসারে পণ্যের মধ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সিলেট চেম্বার কাজ করে যাচ্ছে। চলতি মাসের ২২-২৩ তারিখে আসামের গোহাটিতে অনুষ্ঠিতব্য ইন্দো-বাংলা স্টেকহোল্ডার মিটিং-এ সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রতিনিধিদল যোগদান করবে।
ঐ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন প্রমুখ।
