কুমিল্লা-২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আট প্রার্থী

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে আটজন প্রার্থী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে প্রচারণায় এগিয়ে আছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী (নৌকা), বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মোঃ আমির হোসেন ভূঁইয়া (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আশরাফুল আলম (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের প্রার্থী মোঃ গোলাম মুস্তফা (টেলিভিশন), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মোঃ নূরে আলম ভূঁইয়া (হারিকেন), বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফের প্রার্থী মোঃ জাকির হোসেন (ফুলের মালা), জাকের পার্টির প্রার্থী আঃ লতিফ স্বপনকে (গোলাপ ফুল) বরাদ্দ দেওয়া হয়েছে।

কুমিল্লা-২ আসনটি তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে একটি পৌরসভাসহ ইউনিয়ন রয়েছে ১৮টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯৮টি, এদের মধ্যে ভোটকক্ষের সংখ্যা ৫৭৪টি। দুই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭ জন।