২ হাজার ৯০ কেজি চা পাতাসহ গ্রেফতার ৫

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৫

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম গুচ্ছগ্রামে গত দুই দিনের ব্যবধানে ২ হাজার ৯০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, গত শনিবার দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দহগ্রাম গুচ্ছগ্রামের মৃত আজিতুল্লার ছেলে দুলাল হোসেনকে ১৫ হাজার ২০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা ও একটি অটোভ্যান গাড়িসহ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। এর দুই দিনের ব্যবধানে গতকাল সোমবার দহগ্রামের একই গ্রামে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৭০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতাসহ চার জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—ঐ ইউনিয়নের আব্দুল রফিকের ছেলে ইউসুফ আলী (২৫), ফয়েজ আলীর ছেলে আজগর আলী (২৫), নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২০) ও কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি পাবনাপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুমন হোসেন।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘অবৈধভাবে ভারতীয় নিম্নমানের চা পাতা নিয়ে আসায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’