অনুপ্রবেশের দায়ে মোংলায় ১১ জেলে আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৫

বাগেরহাট প্রতিনিধি ও মোংলা সংবাদদাতা

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আবারও ১১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। রবিবার সকাল ৭টার দিকে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর জাহাজ বিএনএস কপোতাক্ষ টহল দেবার সময় এফবি হারা পার্বতী নামক একটি ট্রলারসহ ঐ জেলেদের আটক করে। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার নামখানা থানার বিভিন্ন গ্রামে।

পরে নৌবাহিনী আটক জেলেদেরকে সোমবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করলে পুলিশ তাদেরকে বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক জেলেদের জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলার দিগরাজ নৌ-ঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।