করতোয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৬

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

ঘোড়াঘাটে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে প্রতিবন্ধী শিশু জামিরুল ইসলামের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ঘোড়াঘাট ত্রিমোহনীর দক্ষিণ পার্শ্বে করতোয়া নদীর চর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের আকবর আলীর প্রতিবন্ধী শিশু পুত্র জামিরুল ইসলাম শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে জামিরুলের সন্ধান পাওয়া যায়নি। দুই দিন পর সোমবার করতোয়া নদীর চরে জামিরুলের লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন শিশুর পরিবারকে সংবাদ দিলে তারা লাশ বাড়িতে নিয়ে আসে।