বঙ্গবন্ধু-বিপিএল
স্পোর্টস রিপোর্টার
আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে উত্সর্গ করে আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বঙ্গবন্ধু-বিপিএল নামকরণের এবারের আসরে লাভ-ক্ষতির হিসাব করছে না বিসিবি।
বিপিএলের প্রতি আসরেই বেশ মোটা অঙ্কের লাভ করে থাকে বিসিবি। এবার ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে শুধু স্পন্সর নিয়ে বিপিএল করা হচ্ছে। আগের মতোই সাতটি দলই থাকছে। টিম স্পন্সরদের এক আসরের জন্য ৬ কোটি টাকা দিতে হবে বিসিবিকে। বঙ্গবন্ধু-বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকসহ অনেক খরচ বহন করবে খোদ বিসিবিই। তারপরও লোকসানের আশঙ্কা করছে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল এমনটাই বলেছেন। বঙ্গবন্ধু-বিপিএল থেকে আয় করা যাবে কি না জানতে চাইলে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘এবার বঙ্গবন্ধু-বিপিএল হচ্ছে। আমাদের জাতির পিতার নামে উত্সর্গ করা হচ্ছে। সেজন্য আমরা বলেছি এটা স্পেশাল একটি এডিশন। এটা আয় করবে কি না এটা আমাদের মাথায় এখনো আসেনি। এমন না যে আমরা করতেও পারি। ঐভাবে লাভ না হলেও ক্ষতি হবে না। যেহেতু স্পন্সর পার্টনাররাও বিনিয়োগ করবে। তাহলে ক্ষতি নাও হতে পারে।’
গত সপ্তাহে কয়েকটি কোম্পানি টিম স্পন্সর হতে বিসিবির কাছে সাক্ষাত্কার দিয়েছে। এর মধ্যে চারটি কোম্পানিকে দল গঠনের সবুজ সংকেত দিয়েছে বিসিবি। চলতি সপ্তাহে বাকি তিন দলের স্পন্সর ঠিক হয়ে যাবে বলে আশাবাদী জালাল ইউনুস।
গতকাল তিনি বলেছেন, ‘আমাদের কাছে আগ্রহী হয়ে কাগজপত্র যারা দিয়েছিল, তারা আমাদের কাছে সাক্ষাত্কার দিয়েছে। প্রায় পাঁচটি কোম্পানি দিয়েছে। এর মধ্যে চারটি প্রায় নিশ্চিত। যাদের আমরা নিতে পারি। তাদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে গত সপ্তাহে। এদের মধ্যে চার জন আছে। আরো তিনটি বাকি আছে। তারাও আসবে আগামী তিন-চারদিনের মধ্যে সাক্ষাত্কার দিতে। এরপর ফাইনাল সাতটি দল নিশ্চিত করব।’
প্রায় নিশ্চিত হওয়া চারটি স্পন্সর কোম্পানি সম্পর্কে ধারণা দিতে গিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘বাংলা টাইগার আইটি এরকম একটি কোম্পানি আছে। আখতার গ্রুপ আছে, সাগর করপোরেশন গ্রুপ আছে। একটা মিডিয়া কোম্পানি আছে যারা টিম কিনে পরে নিলামে দিতে পারে সম্ভবত। এটা এখনো ঠিক হয়নি।’
দলগুলোর খরচ স্পন্সরদের সঙ্গে সমন্বয় করে নির্বাহ করবে বিসিবি। তবে কোনো স্পন্সর বিদেশি তারকা ক্রিকেটার আনতে চাইলে, সেটা তাদের নিজেদের খরচেই করতে হবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘স্পন্সর পার্টনার চায় নিজেরা খরচ করে কোনো ভালো প্লেয়ার নিয়ে আসবে সেক্ষেত্রে তাদের বাজেট বাড়াতে পারে।’
গত সপ্তাহে মিটিংয়ের পর বিসিবির পরিচালক মাহবুব আনাম ঘোষণা করেছিলেন, বিপিএলের সাত দলের হেড কোচই হবেন বিদেশি। তীব্র সমালোচনার মুখে সেই পথ থেকে কিছুটা সরে আনার চিন্তা করছে বিসিবি। দেশীয় কয়েকজন কোচকেও সুযোগ দেওয়া হতে পারে। দেশীয় কোচদের হেড কোচের দায়িত্বে আনার চূড়ান্ত সিদ্ধান্তটা বিসিবি ও স্পন্সররা মিলেই নেবে।
