চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
লক্ষ্মীপুর জেলা ও চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ফুটবলে এবং ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলা বঙ্গমাতা ফুটবল বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম খেলায় লক্ষ্মীপুর ২-১ গোলে নোয়াখালীর বিরুদ্ধে এবং দ্বিতীয় খেলায় চট্টগ্রাম মহানগর ও একই ব্যবধানে (২-১) ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে জয়লাভ করে। লক্ষ্মীপুরের হয়ে রাজিব ও রেজাউল এবং নোয়াখালীর সামাদ গোল করেন। অপরদিকে চট্টগ্রাম মহানগরের পক্ষে তুষার ও করিম এবং তানভীর গোল করেন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে।
বিকালে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় তামান্নার গোলে নোয়াখালী হারায় লক্ষ্মীপুরকে এবং জেসমিনের হ্যাটট্রিকে ব্রাহ্মণবাড়িয়া ৮-০ গোলে পরাস্ত করে চট্টগ্রাম মহানগরকে। জয়ী দলের হয়ে জেসমিন ৪টি, পূজা রানি, সঙ্গীতা, বর্ষা ও দ্বীপ রানি ১টি করে গোল দেন।
আজকের খেলা :বঙ্গবন্ধু ফুটবল :কুমিল্লা ও বান্দরবান, চাঁন্দপুর ও চট্টগ্রাম (সকাল ৯.৩০টা ও ১০.৪৫ মিনিটে)। বঙ্গমাতা ফুটবল :কুমিল্লা ও রাঙ্গামাটি এবং চট্টগ্রাম ও খাগড়াছড়ি (বিকাল ২টা ও ৩.৩০ মিনিট) মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ।
