বিশ্ববাণিজ্যে টিকে থাকতে টেকসই ব্যবসায়ের
বিকল্প নেই :বিজিএমইএ সভাপতি
ইত্তেফাক রিপোর্ট
গার্মেন্টস খাতের বিশ্ববাণিজ্য প্রথাগত ব্যবস্থার ওপর টিকে থাকতে পারবে না। বিশেষত চতুর্থ শিল্পবিপ্লবের ফলে শ্রমিকের কর্মসংস্থান কমে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে গতানুগতিক ব্যবস্থায় উত্পাদন প্রক্রিয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যে টিকে থাকতে টেকসই ব্যবসায়ের বিকল্প নেই বলে মত দিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। শিল্প বাঁচানোর পাশাপাশি শ্রমিকদেরও কর্মসংস্থানহীন হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৫ নভেম্বর ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া ‘বাংলাদেশ সাসটেইনেবল ফোরাম’ উপলক্ষ্যে ঐ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ সাসটেইনেবল ফোরামের আয়োজন করছে যৌথভাবে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) ও বিজিএমইএ।
রুবানা হক চতুর্থ শিল্পবিপ্লবের শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, এ জন্য পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এ সময় ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ ভবিষ্যত্ ব্যবসায়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে টেকসই ব্যবসায়ে মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাসটেইনেবিলিটি গুরুত্বপূর্ণ। এটি নেদারল্যান্ডসের জন্যও। বাংলাদেশে বর্তমানে অনেক গ্রীন কারখানা আছে। বাংলাদেশ এখন পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা। ২০২০ সাল বাংলাদেশের নতুন আশার। এই সময়ের মধ্যে আরএসসি হবে।
তবে পোশাকের দর এবং অননুমোদিত কারখানা সাবকন্ট্রাকটিংকে তিনি অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন। এ সময় জানানো হয়, সাসটেইনেবিলিটি ইস্যুতে সচেতন করতে স্থানীয় বিশেজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞগণও উপস্থিত থাকবেন। ঐ আলোচনায় উঠে আসা পরামর্শের ভিত্তিতে পরবর্তী পথনকশা ঠিক করার পাশাপাশি তা পরবর্তীতে আলোচনা করা হবে। এবার মূলত মানবসম্পদ, স্বচ্ছতা, পানি, পারচেজিং প্র্যাকটিস ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএন্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়া অঞ্চলের প্রধান জিয়াউর রহমান এবং বিজিএমইএর সহসভাপতি এম এ রহিম ফিরোজ, পরিচালক মহিউদ্দিন রুবেল প্রমুখ।
