ইত্তেফাক রিপোর্ট
দেশের শীর্ষস্থানীয় ইস্পাত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের নতুন কারখানা আগামী নভেম্বর নাগাদ উত্পাদনে আসবে। ২ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই কারখানার মেশিনারিজ স্থাপনের কাজ এখন শেষ পর্যায়ে। এখন উত্পাদন শুরুর প্রস্তুতি চলছে। গত শনিবার চট্টগ্রামের সীতকুণ্ডে কারখানা প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা জানান উদ্যোক্তারা। এ সময় জানানো হয়, জিপিএইচ ইস্পাতের নতুন কারখানাটি চালু হলে কোম্পানির রড উত্পাদনক্ষমতা বেড়ে হবে প্রায় ১০ লাখ টন। বর্তমানে উত্পাদন ক্ষমতা ১ লাখ ৬৪ হাজার টন। নতুন কারখানায় ৫০০ ডব্লিউ টিএমটিবার ও বিভিন্ন গ্রেডের রডের পাশাপাশি সেকশান, এঙ্গেল, চ্যানেল, এইচ বিম, আই বিমসহ নানা ধরনের পণ্য উত্পাদিত হবে। উত্পাদিত হবে প্রি-ফেব্রিকেটেড ভবন নির্মাণের নানা উপকরণও। নতুন প্ল্যান্টে এমএস বিলেট উত্পাদন হবে বছরে ৮ লাখ ৪০ হাজার টন। আর রি-বার ও সেকশনের উত্পাদন হবে ৬ লাখ ৪০ হাজার টন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় জানানো হয়, জিপিএইচ ইস্পাতের নতুন কারখানাটি পরিবেশবান্ধব। এতে প্রচলিত পদ্ধতির ইস্পাত কারখানার তুলনায় অনেক কম জ্বালানির প্রয়োজন হবে। এছাড়া কার্বন নিঃসারণও থাকবে সীমার মধ্যে।
কারখানার জন্য প্রয়োজনীয় পানির ৩০ ভাগ ভূগর্ভস্থ উত্স থেকে আর বাদবাকি ৭০ ভাগ পানির চাহিদা মেটানো হবে জমিয়ে রাখা বৃষ্টির পানি থেকে।
