মায়ের চিকিত্সার খরচ জোগাতে সন্তানকে বিক্রির চেষ্টা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৪৪

দায়িত্ব নিলেন শেবাচিম পরিচালক

বরিশাল অফিস

মায়ের চিকিত্সার খরচ জোগাতে দেড় মাসের সন্তানকে বিক্রির চেষ্টা করা হয়। রবিবার শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) সার্জারি ওয়ার্ডে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত শিশুটির মায়ের চিকিত্সা খরচ জোগাতে স্বামী নিখিল এ সিদ্ধান্ত নেয়। এমন ঘটনার খবর জানতে পেরে পুলিশের সহযোগিতা নিয়ে অপতত্পরতা রোধ করে অসুস্থ শিখা রানির চিকিত্সার সকল দায়ভার গ্রহণ করেন শেবাচিম পরিচালক ডা. মো. বাকির হোসেন।

হাসপাতালে ডিউটিরত বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. নাজমুল হুদা জানান, উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শিখা ও নিখিল দম্পতি। নিখিল একজন দিন মজুর। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। দেড় মাস আগে আরো এক সন্তান জন্ম নেয় তাদের। সেখানে সিজার অপারেশনে ত্রুটি হয়েছে এমন অভিযোগ নিয়ে কয়েক দিন আগে শিখা শেবাচিমের গাইনি বিভাগে ভর্তি হন। সংশ্লিষ্ট গাইনি বিভাগের চিকিত্সকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান শিখা হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত। তার জরুরি ভিত্তিতে সার্জারি বিভাগের চিকিত্সা নেওয়া প্রয়োজন। কিন্তু নিখিল তার স্ত্রীর চিকিত্সা খরচ জোগাতে পারছেন না। তাই তাদের ছোটো সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে নগরীর নথুল্লাবাদ এলাকার নিঃসন্তান এক দম্পতি ঐ সন্তানকে কেনার কথা বলে। হাসপাতালে বসেই স্টাম্পে চুক্তি করে ২৫ হাজার টাকায় সন্তান বিক্রির কার্যক্রম শুরু করে।