স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ইত্তেফাক রিপোর্ট
নিজ নামের লাইসেন্সকৃত অস্ত্র বেহাত করলে অস্ত্রের লাইসেন্স তাত্ক্ষণিকভাবে বাতিল হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ লঙ্ঘন করে কোনো ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত নিজ নামীয় আগ্নেয়াস্ত্র বেসরকারি নিরাপত্তা সংস্থার নিরাপত্তা রক্ষীকে দিয়ে ব্যবহার করলে ঐ লাইসেন্স বাতিল হবে। সম্প্রতি গণপূর্তের ঠিকাদার জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী জি কে শামীম সাতটি শটগান ও সাত জন নিরাপত্তা রক্ষীসহ গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর অনুচ্ছেদ ২৫(গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী নিয়োগ দিতে পারবেন না। সে ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাত্ক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।
এছাড়া, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর অনুচ্ছেদ ২৫(ক) অনুযায়ী কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না। উক্ত নীতিমালা লঙ্ঘন করে কোনো কোনো ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন।
