আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঈনউদ্দিন মঈন। সোমবার প্রতীক বরাদ্দের দিন কলার ছড়ি প্রতীক পেয়েছেন তিনি। তার পক্ষে সদর ইউপি চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঈনউদ্দিন মঈন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। ব্রাহ্মণবাড়িয়ার মোট ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী করা হলেও এই আসনটিতে মহাজোটের প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে। তিনি বিগত ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনেও মহাজোটের মনোনয়নে এ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী চেয়েছিলেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু জোটের স্বার্থে এবারও আসনটি ছেড়ে দিতে হয় শরীক দল জাতীয় পার্টিকে। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মঈনউদ্দিন ছাড়া বাকি ছয়জনের মনোনয়নপত্র নানা কারণে অবৈধ ঘোষণা করা হয়। পরে দুজন বিদ্রোহী প্রার্থী আপিল করে প্রার্থিতা ফিরে পেলেও রবিবার দলের সভাপতি শেখ হাসিনার খোলা চিঠির প্রতি সম্মান দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়া। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন মঈনউদ্দিন। তিনি জানান, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এবার আসনটিতে দলীয় প্রার্থীর মনোনয়ন চেয়েছিলেন। তাই তৃণমূল কর্মী-সমর্থকদের দাবির প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোটে ধানের শীষের প্রার্থীর সঙ্গে মহাজোট প্রার্থী নন বরং তিনিই মূল প্রতিদ্বন্দ্বী হবেন বলে তার দাবি।
