রামুতে কল্পজাহাজ ভাসানো উত্সবে হাজারো মানুষের মিলনমেলা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২৫

রামু উপজেলার বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উত্সব ঘিরে বসেছিল হাজারো নারী-পুরুষের মিলনমেলা। রামুতে প্রতি বছর বৌদ্ধধর্মাবলম্বীদের উত্সব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে এই উত্সবের আয়োজন করা হয়। রামু বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কল্পজাহাজ ভাসানো উত্সব। এতে ভাসানো হয়েছে ঐতিহ্যবাহী ৯টি কল্পজাহাজ। বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজের ওপর কারুকাজে তৈরি কল্পজাহাজ ভাসানো উত্সবকে ঘিরে বাঁকখালী নদীর দুই তীরে ছিল উত্সুখ নারী-পুরুষের ভিড়।

উত্সব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহা প্রমুখ।

উত্সবস্থলে দেখা গেছে পাঁচ-ছয়টি নৌকার ওপর বসানো হয়েছে একেকটি কল্পজাহাজ। রং-বেরঙের কাগজ আর বাঁশ-কাঠের অপূর্ব কারুকাজে তৈরি প্রতিটি জাহাজই নজরকাড়া। আর আকর্ষণীয় নির্মাণশৈলী ও বৈচিত্র্যে ভরা প্রতিটি জাহাজেই বাজছে বুদ্ধ কীর্তন ‘সংঘের নাম সবাই বলো রে, বুদ্ধের মতো এমন দয়াল আর নাইরে’। আবার কোনো কোনো জাহাজে নানা বাদ্য বাজিয়ে তারা নাচছে আর গাইছে। নদীতে ভাসতে ভাসতে জাহাজগুলো যাচ্ছে নদীর এপার থেকে ওপারে।