কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম হত্যা মামলায় নয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় চার জনের যাবজ্জীবন এবং অভিযোগ প্রমাণ না হওয়ায় তিন জনকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ছয় বছর পর গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম এ রায় দেন। এদিকে এ রায় শোনার পর নিহত ব্যবসায়ীর বাবা ও মামলার বাদী মো. ফজর আলী ও পরিবারের লোকজন সন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে আদালতের রায় কার্যকর করার দাবি জানান।
মামলার বাদী ও আদালত সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীরকে ২০১৩ সালের পহেলা ডিসেম্বর ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা ১৩ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আইয়ুব খান জানান, বিচারক মামলার চার্জশিটভুক্ত ১৬ জন আসামির মধ্যে সজীব, রাজিব, হারুন, শাওন, আমিন, রবু, মমিন, আবু তাহের ও মহসিনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মতিন, শাহপরান, শামিম ও খোকন মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অপর তিন আসামি নয়ন মিয়া, মোছলেম মিয়া ও বিল্লালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে আটজন পলাতক রয়েছেন।
জাহাঙ্গীর আলমের বাবা মো. ফজর আলী বলেন, রায়ে আমরা খুশি। আদালতের কাছে সুষ্ঠু ও ন্যায়বিচার পেয়েছি। এ রায় দ্রুত কার্যকর করা হলে পরলোকেও জাহাঙ্গীরের আত্মা শান্তি পাবে এবং আমরাও শান্তি পাব।
