পিরোজপুরে বাস মালিক নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২৬

পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির একাংশের সদস্য সচিবকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত সাড়ে ১০টায় ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হলে হেলমেট পরা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে পিরোজপুরে ১৩টি অভ্যন্তরীণ রুটসহ আন্তঃজেলা সকল রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। গতকাল ঢাকা, খুলনা, বরিশাল, যশোর, বেনাপোলসহ পিরোজপুর থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল করেনি। হামলার প্রতিবাদে গতকাল পিরোজপুরের বাস টার্মিনাল থেকে বাইপাস সড়কে একটি মিছিল বের করা হয়।

গত ২ অক্টোবর বাস মালিক সমিতির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে একাংশ। এ কারণে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের নতুন আহ্বায়ক রতন চক্রবর্তী।                পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চলছে। বাস ধর্মঘট প্রত্যাহারে সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি মসিউর রহমান মহারাজ এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। গতকাল সন্ধ্যায় সংসদ সদস্য শেখ এ্যানী রহমান বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এ ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দেন।