গরম তেলে শরীর ঝলসে দিয়ে স্ত্রীকে সাত দিন ঘরবন্দি রাখল স্বামী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২৭

ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের আসাদুল যৌতুক না পেয়ে স্ত্রী নাসিমা খাতুনের শরীর গরম তেলে ঝলসে দিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে সাত দিন একটি ঘরে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। গুরুতর আহত নাসিমাকে গতকাল সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার নাওগাঁও ইউনিয়নের কাষ্ঠগড়া গ্রামের নুর মোহাম্মদের মেয়ে নাসিমা খাতুনের সঙ্গে আসাদুলের সাত বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে আফিয়া নামে এক কন্যা শিশু রয়েছে।

নাসিমা খাতুন জানান, বিয়ের সময় দেড় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। সম্প্রতি আরো ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। টাকার জন্য মারধর করত প্রতিদিন। ৮ অক্টোবর রান্নার সময় কথা কাটাকাটির একপর্যায়ে গরম তেল ছিটিয়ে শরীর ঝলসে দেয় সে। এরপর একটি ঘরে তালাবদ্ধ করে সাত দিন আটকে রাখে স্বামী আসাদুল, শ্বশুর তোতা মিয়া ও শাশুড়ি রহিমা খাতুন। গতকাল নাসিমার বাবার বাড়ির লোকজন তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৃহবধূর ভাই এছাহাক আলী জানান, আমার বোনকে এর আগেও বিড়ির ছ্যাঁকা দিয়ে নির্যাতন করে তার স্বামী। আমার বোনকে গরম তেলে শরীর ঝলসে দেওয়ার পর কোলের শিশু সন্তানকেও হত্যার হুমকি দেয় তার শ্বশুরবাড়ির লোকজন।

নাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গরম তেলে ঐ গৃহবধূর চোখের ডান পাশ মারাত্মকভাবে ক্ষত হয়েছে।