নির্বাচনে বিজয়ী হলেন যারা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২৭

দেশের ৮টি উপজেলা পরিষদ, দু‘টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠুভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এছাড়া তিনটি ইউপি, দু’টি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোট করা হয়। নির্বাচনে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ নির্বাচন বর্জন করে।

এসব নির্বাচনে বিজয়ীরা হলেন,

বরিশাল অফিস ও মেহেন্দিগঞ্জ সংবাদদাতা জানান, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আন্ধারমানিক ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মাহফুজ আলম (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ৯৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল শেষে ঘোড়া প্রতীক পেয়েছে ৩৭ হাজার ৪৫৯ ভোট, হানিম মিয়া (লাঙ্গল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪০ ভোট, বিএনপি’র (ধানের শীষ) প্রতীকের প্রার্থী গোলাম ওয়াহিদ হারুন পেয়েছে ২১৪৩ ভোট, আওয়ামী লীগের (নৌকা) প্রতীকের মুনসুর আহমেদ পেয়েছেন ১৭৫৭ ভোট, কাজীরহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৯১৭ ভোট। গতকাল সকাল ৯টায় উপজেলার ৯৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরামহীন ভোটগ্রহণ চলে।

নবীনগর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে ‘নৌকা’ প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম সদ্য সাবেক মেয়র বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাঈন উদ্দিন মাঈনু মোবাইল ফোন প্রতীকে ৪২২০ ভোট পেয়েছেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাই, এজেন্ট বের করে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী (নৌকা) প্রতীকে ৪১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ব্যালট পেপার ছিনতাই, টেবিল কাস্ট ও বিভিন্ন কারচুপি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ রিয়াজ নাদির সুমন ও আ.ক.ম ফখরুল ইসলাম কালাম ও বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জালাল আহমদ।

নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচনে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুন নাহার শিউলি।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জ উপজেলা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছালাউদ্দিন ভুইয়া ১৪ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান: কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শরিফুন্নেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।