চট্টগ্রাম জেলার সাবেক রেজিস্ট্রার মোহাম্মদ লুত্ফর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২০১২ সালের ১৩ আগস্ট নগরীর খুলশী এলাকার হাজী গণি সওদাগর ওয়াক্ফ এস্টেটের ১ হাজার ১৮৪ শতক জমি আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, দীর্ঘ সময় অনুসন্ধান শেষে এ আত্মসাতের ঘটনার সত্যতা পাওয়া যায়। গত ১৯ আগস্ট দায়েরকৃত মামলায় তিনি এখন কারাগারে। গত রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। লুত্ফর রহমান বর্তমানে নীলফামারী জেলা রেজিস্ট্রার পদে কর্মরত আছেন।
আদালত সূত্র জানায়, আগ্রাবাদ মুহুরীপাড়ার মৃত হাজী জেবল হোসেনের ছেলে মো. জাকির হোসেন, পাঁচলাইশের আল মাদানী রোডের মৃত সামসুল আলমের ছেলে মো. আতাউল করিম উসমানী সোহেল ও এক আইনজীবীর সঙ্গে যোগসাজশে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের এসব সম্পত্তি জালিয়াতি করে রেজিস্ট্রির মাধ্যমে আত্মসাত্ করেছেন বলে লুত্ফরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ এ ঘটনায় লুত্ফরসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন লুত্ফর রহমান। হাইকোর্টের আদেশে গত রবিবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
